নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতা খোরশেদের নেতৃত্বে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরের প্রতিটি ওয়ার্ডে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছেন মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) মহানগরের ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চৌধুরী বাড়ী আদর্শ বাজার এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে এদিন ওই এলাকায় নিম, আম, কাঁঠাল ও পেয়ারা গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এই দূরদর্শী কর্মসূচি ঘোষণা করেছেন। তাঁরই নির্দেশনায় আমরা মহানগরের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করে যাচ্ছি। তবে আমরা শুধু কাঠ বা সৌন্দর্যবর্ধনের গাছ রোপণ করছি না; পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশবান্ধব নিম এবং সাধারণ মানুষের পুষ্টির কথা চিন্তা করে বিভিন্ন ফলজ গাছ রোপণ করছি। এতে পরিবেশের পাশাপাশি মানুষ ও পশুপাখিও উপকৃত হবে।”
বক্তব্যের একপর্যায়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফার ময়দানে ঐতিহাসিক নিম গাছ রোপণের স্মৃতি স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
কর্মসূচিতে এ সময় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, সাবেক সহ-সভাপতি নুরুল হক চৌধুরী দিপু, ১০ নম্বর ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু এবং মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা সুমন ভূঁইয়া, বাহারউদ্দিন, জসিম, খালেদ, মামুন ভূঁইয়া, নুরুল্লাহ খন্দকার, আলী নওশাদ তুষার, রানা মুন্সী, মো. সুমন ভূঁইয়া, মুসা মিয়া, মো. মিঠু, মিজানুর রহমান, মো. মোমেন, নুরুল আলম, কামরুল ইসলাম, রাসেল আহম্মেদ মনির, আক্তার হোসেন জাহিদ, মনির, মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জসিম, মো. জামাল হোসেন, ওসমান গনি, ইসলাম মিয়া, মাহফুজুর রহমান বিল্লাল, গাজী খোকন, জুলহাস, মিজানসহ সাবেক যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।