"সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান সফল করতে আমরা পাশে থাকব" — টিপু
যতদিন বেঁচে আছি, ততদিন সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে থাকব। তাদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান সফল করতে আমরা পাশে থাকব," বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সোমবার (৬ জুলাই) বিকেলে চাষাঢ়ার শ্রীশ্রী গোলাপ জিউর বিগ্রহ মন্দিরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এই সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট টিপু বলেন, "সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে ভালোবাসা ও সম্মান দেখান, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধর্ম যার যার, কিন্তু মানবসেবাই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান— সব ধর্মের মানুষ একে অপরের পাশে দাঁড়াতে পারে, এর চেয়ে বড় মানবিক মূল্যবোধ আর নেই।"
বিগত দিনের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, "২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন, যেন নারায়ণগঞ্জে কোনো সনাতন ধর্মাবলম্বী বা মন্দিরের ওপর হামলা না হয়। সেই নির্দেশনা অনুযায়ী মহানগর বিএনপির নেতারা বিভিন্ন মন্দির, মহল্লা ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছেন।"
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দের সভাপতিত্বে এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণপদ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ সরকার, তিলোত্তমা দাস, জেলা হিন্দু মহাজোটের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ ওমর, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্য, ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক বীরেন দাস, বারদী ইউনিয়ন সভাপতি রিপন শীল এবং ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি বিশ্বজিৎ সাহাসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।