সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ
জাতীয় সংসদ অধিবেশন পরিদর্শন করতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের অনন্য সুযোগ পেয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষক ও শিক্ষার্থী। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের নামাজের বিরতির সময় সংসদ ভবনে এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং তাঁদের লেখাপড়ার খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হলে এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে, রূপগঞ্জের এই শিক্ষক-শিক্ষার্থী দলটি জাতীয় সংসদ ভবনের দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্মরণীয় স্থানে ছবি তোলেন। এরপর তাঁরা গ্যালারিতে বসে সংসদের মূল অধিবেশন উপভোগ করেন।
সংসদ পরিদর্শনের পাশাপাশি দেশের সরকারপ্রধানের কাছ থেকে সরাসরি এমন অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পেয়ে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।