বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব
নারায়ণগঞ্জের বন্দরে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য আয়োজনে মৌসুমি ফল উৎসব ও ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বন্দরের ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এই ব্যতিক্রমী ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
বন্দর মডেল প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম শাহিনের সভাপতিত্বে এবং বন্দর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম উজ্জল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতি ও বন্দর মডেল প্রেসক্লাব দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পবিত্র রমজান, ঈদ কিংবা শীতকালীন দুর্যোগ—প্রতিটি সংকটময় সময়েই সংগঠনের সদস্যরা সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এতিম শিক্ষার্থীদের মাঝে ফল উৎসবের মতো এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক তানভীর আহমেদের মায়ের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ সাংবাদিক আমির হোসেন, এস এম শাহিন ও লতিফ রানার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর ব্যাপারীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসাইন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির ইসলাম, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক লতিফ রানা, নাগরিক টিভির বন্দর প্রতিনিধি শাহরিয়া প্রধান ইমন, সাজিত হোসেন কিবরিয়া, সাংবাদিক আবুল বাশার, ফ্রান্সপ্রবাসী সমাজসেবক মো. সুজন বেপারী, সমাজসেবক মো. মামুন মিয়া, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মিঠুসহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ।
মৌসুমি ফল উৎসবের মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগাভাগি করার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।