নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ
নারায়ণগঞ্জে সেবা প্রত্যাশী সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে তা নিষ্পত্তি এবং নাগরিক সেবার মান ও গতি বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই গণশুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির। গণশুনানিতে তিনি নিজে উপস্থিত থেকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখ থেকে তাঁদের নানা সমস্যা, দুর্ভোগ ও অভিযোগের কথা শোনেন।
জানা গেছে, গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবা প্রত্যাশীরা তাঁদের ব্যক্তি ও সামাজিক নানা সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলো মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এছাড়া অন্যান্য জটিল সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাগরিক সেবার মান বাড়াতে প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিয়মিত এই গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলার যেকোনো নাগরিক তাঁদের যেকোনো সমস্যা বা অভিযোগ নিয়ে এই গণশুনানিতে সরাসরি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।