ভূমি সেবাকে হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জে ডিসি রায়হান কবিরের বিশেষ অভিযান
নারায়ণগঞ্জের ভূমি সেবাকে ঘুষ, দুর্নীতি, দালাল ও সব ধরনের হয়রানিমুক্ত করতে জেলার সব ভূমি অফিস এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের সরাসরি নেতৃত্বে এই শুদ্ধি অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) এক সাক্ষাৎকারে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "নারায়ণগঞ্জবাসী যাতে ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, দালালমুক্ত ও হয়রানিমুক্তভাবে সহজে ভূমি সেবা পান, সেটি নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।"
সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডিসি বলেন, "আমি নিজে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত নই। তাই কোনো সরকারি কর্মকর্তাকেও এ ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। প্রত্যেককে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। সেবাদানের ক্ষেত্রে কোনো ধরনের তালবাহানা বরদাশত করা হবে না।"
তিনি আরও বলেন, "নারায়ণগঞ্জের সব ক্ষেত্রে অপরাধের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ভূমি খাতকে দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ঘুষ বা দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
দুর্নীতির পরিধি ও অভ্যন্তরীণ নজরদারির বিষয়ে জেলা প্রশাসক স্পষ্ট করে বলেন, "ঘুষ গ্রহণ এবং ঘুষের লেনদেনে সহযোগিতা—দুটিই সমান অপরাধ। নিজে দুর্নীতি না করলেও অন্যকে সুযোগ করে দিলে নাগরিক হয়রানি বন্ধ হবে না। প্রতিটি ভূমি অফিসে আমার নিজস্ব লোক অত্যন্ত নিবিড়ভাবে তথ্য সংগ্রহ করছে।" একই সঙ্গে তিনি ভূমি সেবাকে দালাল ও অনিয়মমুক্ত করতে গণমাধ্যমকর্মীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সেবার মান নিয়েও জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে মো. রায়হান কবির বলেন, "শুধু আর্থিক অনিয়মই দুর্নীতি নয়। দায়িত্ব যথাযথভাবে পালন না করা কিংবা সময়মতো সেবা না দেওয়াও দুর্নীতির শামিল। যে সেবা একদিনে দেওয়া সম্ভব, সেটি যদি অযথা পাঁচদিন বিলম্ব করা হয়, তবে সেটিও এক ধরনের দুর্নীতি।"
জনসাধারণকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে ডিসি বলেন, "আপনারা কেউ ঘুষ দিয়ে কাজ করাবেন না। কোনো কর্মকর্তা বা দালাল ঘুষ চাইলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব। সরকার জনগণের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দিতে কাজ করছে, এ ক্ষেত্রে জনগণের সহযোগিতাও একান্ত প্রয়োজন।"
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই অভিযানের অংশ হিসেবে গত সোমবার (৬ জুলাই) সোনারগাঁও উপজেলার বিভিন্ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে এবং কাজের গতি বাড়াতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
দুর্নীতির বিরুদ্ধে নিজের নৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে মো. রায়হান কবির বলেন, "ঘুষ, দুর্নীতি ও অনিয়ম করলে একদিন সবাইকে জবাবদিহি করতে হবে। আমরা জনগণকে সেবা দেওয়ার জন্যই দায়িত্বপ্রাপ্ত। তাই জনগণকে ভোগান্তিহীন সেবা দেওয়াই আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।"