কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান
নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা (ম্যানেজিং) কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান।
মেহেদী হাসান বন্দরের কলাগাছিয়া এলাকারই স্থায়ী বাসিন্দা। তিনি সমাজ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্য হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
বহুমাত্রিক সফল এই ব্যবসায়ী তাঁর ব্যবসায়িক জীবনে চিকিৎসা সেবা খাত, বিদেশে খাদ্য রপ্তানি, ট্যুর অপারেটর ও ট্রাভেল সার্ভিস, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি এবং নির্মাণ (কনস্ট্রাকশন) ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এ ছাড়া তিনি বর্তমানে জনশক্তি রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বায়রার ‘শ্রমবাজার রক্ষা আন্দোলন’ (বায়রা সম্মিলিত মোর্চা)-এর অর্থ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। মেধার স্বাক্ষর হিসেবে তিনি বর্তমানে মালয়েশিয়ার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি (PhD) কোর্সে অধ্যয়নরত আছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মেহেদী হাসান সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, "ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম (কো-কারিকুলার অ্যাক্টিভিটিস) সম্প্রসারণে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।"
এই লক্ষ্য বাস্তবায়নে তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।