অসুস্থ গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানাকে আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক
বিশ্বজুড়ে “ফুটবল ম্যান” হিসেবে পরিচিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ক্রীড়াবিদ মাসুদ রানার উন্নত চিকিৎসার পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ডিসি মো. রায়হান কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ রানা। এ সময় তিনি নিজের গুরুতর অসুস্থতা এবং চিকিৎসা ব্যয় বহনে চরম অক্ষমতার কথা জানিয়ে মানবিক সহায়তার আবেদন করেন।
আবেদন শোনার পরপরই জেলা প্রশাসক মো. রায়হান কবির তাৎক্ষণিকভাবে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। একইসঙ্গে তাকে দ্রুত উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা গ্রামের প্রয়াত শামসুর রহমান মোল্লার সন্তান মাসুদ রানা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অন্যরকম ভালোবাসা থেকে কঠোর অনুশীলনের মাধ্যমে বল নিয়ন্ত্রণ ও স্টান্টে অসাধারণ দক্ষতা অর্জন করেন তিনি। ফুটবলের জাদুকরী সব স্টান্টের স্বীকৃতি হিসেবেই একপর্যায়ে তার নাম ওঠে বিশ্ববিখ্যাত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তার এই অনন্য কৃতিত্ব নিয়ে ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ শেষে “ফুটবল ম্যান” মাসুদ রানা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জের জেলা প্রশাসক অত্যন্ত মানবিক এবং ক্রীড়াপ্রেমী একজন মানুষ। তার এই তাৎক্ষণিক সহায়তায় আমি নতুন করে বেঁচে থাকার ও মাঠে ফেরার অনুপ্রেরণা পেয়েছি।”
লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উঁচুতে তুলে ধরার স্বপ্ন দেখা এই ফুটবলার আরও জানান, দেশের মানুষের দোয়া ও সহযোগিতা পেলে চিকিৎসা শেষে শিগগিরই নতুন কোনো চমকপ্রদ ইভেন্ট নিয়ে আবারও সবার সামনে হাজির হতে চান তিনি।