আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে পণ্যের মোড়কে বাধ্যতামূলকভাবে পাটজাত বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেল চারটার দিকে আড়াইহাজার বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এর ১৪ ধারায় অভিযান চালিয়ে দুই চাল ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মেহেদী হাসান (২৫) এবং মাসুম রাইস ট্রেডার্সের স্বত্বাধিকারী মাসুম (৩০)। অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে সর্বমোট ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে আড়াইহাজারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন।