চাষাড়ায় আরবান স্কুলে পানির মোটর উপহার দিলেন আহমেদুর রহমান তনু
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া রেললাইনের পাশে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান 'আরবান স্কুল'-এর পানির সংকট নিরসনে এগিয়ে এসেছেন উই আর ভলেন্টিয়ার নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু।
সোমবার (২২ জুন) দুপুরে তিনি আরবান স্কুল পরিদর্শন করেন এবং সংগঠনের পক্ষ থেকে একটি পানির মোটর স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদা কাউসারের কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ের একমাত্র পানির মোটরটি চুরি হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা তীব্র গরমের মধ্যে সুপেয় পানির সংকটে পড়ে। সুবিধাবঞ্চিত শিশুদের এই দুর্ভোগের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে মোটরটি প্রদানের উদ্যোগ নেন তিনি।
স্কুল পরিদর্শন শেষে আহমেদুর রহমান তনু বলেন, "এই স্কুলের শিশুরা সমাজের সুবিধাবঞ্চিত অংশের প্রতিনিধি। তাদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়া। সমাজের বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে এবং বৈষম্য দূর করতে আমাদের সবাইকে কাজ করতে হবে।"
এসময় তিনি আরবান স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে বিদ্যালয়ের কিছু জমি বেদখল হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "এই বিদ্যালয়ের বেদখল হওয়া জায়গা উদ্ধারে জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি জোর অনুরোধ জানাচ্ছি।" তিনি আরও যোগ করেন, সুবিধাবঞ্চিত শিশুদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এবং তাদের এগিয়ে নিতে সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এদিকে নতুন পানির মোটর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদা কাউসার। তিনি বলেন, "মোটরটি চুরি হওয়ার পর দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীদের পানির কষ্টে ভুগতে হচ্ছিল। এই নতুন মোটর পাওয়ায় বিদ্যালয়ের পানির সংকট পুরোপুরি কেটে যাবে।"
উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত আরবান স্কুলটি দীর্ঘ দিন ধরে নানা অবকাঠামোগত সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও এলাকার শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।