বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের আওতাধীন প্রতিষ্ঠানটির পুরাতন ভবনে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজওয়ানা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ জীবন গড়ার নানামুখী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে পরীক্ষার্থী ছাত্রীদের পরীক্ষা ও জীবনের সার্বিক সফলতা এবং মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এ বছর বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ২২০ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।