নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের নিষিদ্ধ কার্যক্রমে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় শহরের চাষাঢ়া এলাকায় আওয়ামী লীগের যেকোনো তৎপরতার বিরুদ্ধে মহানগর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ বা তাদের সহযোগী সংগঠনের কেউ যদি নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
দলীয় নেতা-কর্মীদের পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “প্রতিটি এলাকায় আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে নিষিদ্ধ সংগঠনগুলো কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে। কেউ যদি আইন অমান্য করে এমন কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চালায়, তবে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।”
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে নাসিক প্রশাসক বলেন, “আওয়ামী লীগকে তাদের অতীত অপকর্মের জন্য জবাবদিহি করতে হবে এবং আইন অনুযায়ী দোষীদের সাজা ভোগ করতে হবে। তারা ৫ আগস্টের ঐতিহাসিক জুলাই বিপ্লবকে অগ্রাহ্য করে পুনরায় রাজনৈতিক কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত এই দলের নেতাকর্মীরা এর মাধ্যমে রাষ্ট্র ও আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা দেশের সচেতন জনগণ কোনোভাবেই মেনে নেবে না।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “আওয়ামী লীগ যদি কখনো রাজনীতিতে ফিরতে চায়, তবে তাদের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা আগে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করাতে হবে। অন্যথায় তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। আইন লঙ্ঘন করে কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ এই দেশে নেই।”
মহানগর বিএনপির এই বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, শওকত হাশেম শকু, শাহিন আহমেদ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।