সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজের পর দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) বিকেলে মেঘনা ফেরিঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত শিক্ষার্থীরা হলো—রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে মো. কায়েস ভূঁইয়া এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ। তারা উভয়ই ঢাকার একে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে একে স্কুল অ্যান্ড কলেজের সাত বন্ধু মিলে সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসলে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই কায়েস ও মেরাজ তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। সাথে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান না পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ ও নিবিড় অভিযান চালিয়ে নদী থেকে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। উদ্ধারের পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুব হাসান তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (জোন-২) এর উপ-সহকারী পরিচালক ওসমান গণি জানান, সাত বন্ধু একসঙ্গে নদীতে গোসলে নেমেছিল, যার মধ্যে দুইজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আমাদের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
দুই শিক্ষার্থীর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।