নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের নাম কেন্দ্রে প্রস্তাব পাঠানো হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর কার্যালয়ে খেলাফত মজলিসের জেলা ও মহানগর নির্বাহী কমিটির এক যৌথ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যৌথ বৈঠকে নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামগ্রিক উন্নয়ন, নগরবাসীর মৌলিক অধিকার রক্ষা এবং একটি ইনসাফভিত্তিক আধুনিক নগরী গঠনের লক্ষ্যকে সামনে রেখে খেলাফত মজলিস এবারও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। স্থানীয়ভাবে চূড়ান্ত করা প্রার্থী এবিএম সিরাজুল মামুনের নাম ইতিমধ্যেই কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে এবং শিগগিরই কেন্দ্র থেকে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সাথে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার এবং গণসংযোগ বাড়ানোর জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যৌথ বৈঠকে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ এবং সাধারণ সম্পাদক আব্বাস সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এবং জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে খেলাফত মজলিসের এই আগাম প্রস্তুতি ও একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।