অচিরেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে কুতুবপুর: এমপি আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নকে অচিরেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
শুক্রবার (১২ জুন) কুতুবপুর ইউনিয়নের মধ্য রসুলপুর এলাকার বড় মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জুমার নামাজ শেষে পঞ্চায়েত কমিটি ও সর্বসাধারণের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “আপনাদের দেওয়া ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি। এর আগেও আপনাদের এই মসজিদে এসেছি, এবারও আপনাদের সাথে দেখা করতে আসলাম। কুতুবপুরে অনেক সমস্যা রয়েছে যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। ইউনিয়ন পরিষদের এত বাজেটও নেই, যার কারণে আমি এটিকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করেছি। অচিরেই এটাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে।”
এলাকায় মাদকের ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, “কুতুবপুরে মাদকের সমস্যা রয়েছে। ইন্ডিয়া আমাদের দেশে মাদক পুশ করে দিচ্ছে যাতে আমাদের যুব সমাজ মাদকে ধ্বংস হয়ে যায়। গত দুইদিন আগে কুতুবপুরে নারায়ণগঞ্জের এসপি এসেছিলেন। তিনি বলেছেন অতি শীঘ্রই কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন। আমিও বলেছি কুতুবপুরে মাদকের বিরুদ্ধে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।”
মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংসদ সদস্য আরও বলেন, “আমি আপনাদের কাছে হাতজোড় করে একটা অনুরোধ করছি, কোনো মাদক ব্যবসায়ীকে পুলিশ ধরে নিয়ে গেলে তাদের ছাড়ানোর জন্য রিকোয়েস্ট করবেন না—সে যদি আপনার সন্তান, বাবা বা ভাইও হয়। আর আপনারা যারা পঞ্চায়েত কমিটি রয়েছেন, পঞ্চায়েত কমিটির মাধ্যমে এলাকায় মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলুন।”
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আমার জন্য এমপি হইনি, আমি এমপি হয়েছি আপনাদের জন্য, আপনাদের সেবা করার জন্য, আপনাদের উন্নয়নমূলক কাজ করার জন্য। আপনাদের সকলকে নিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা করে তুলতে চাই।”
উন্নয়নমূলক কর্মকাণ্ডের রাজনীতির ঊর্ধ্বে সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, “ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ডিএনটি প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। আমি এনসিপি করি বিধায় শুধু বিরোধিতা করবো, বিষয়টা তা নয়। যারা ভালো কাজ করবেন আমি সেই ভালো কাজের সমর্থন করি, সে যেই হোক না কেন। প্রধানমন্ত্রীর উদ্যোগে যে ডিএনটি প্রজেক্টের বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে, আমি তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”
বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত সকলের কাছে দোয়া ও সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের তামজিদ, নাসিম আহমেদ, আলিফ দেওয়ান, সোহাইল ইফতি, নূর জামাল, সিয়াম, তানভীরসহ স্থানীয় পঞ্চায়েত কমিটির ৫ সমাজের সভাপতি, সেক্রেটারি এবং এলাকার গণ্যমান্য মুরুব্বিগণ।