সদরে শুরু হচ্ছে বিশাল বিতর্ক উৎসব, লড়বে ৬৪ স্কুলের ৬০০ শিক্ষার্থী
‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদরের ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’। আগামী ১৫ জুন থেকে শুরু হতে যাওয়া এই ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের আমেজ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় মূলত এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাধারার উন্মেষ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অংশগ্রহণ ও উৎসবের রূপরেখা:
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ২৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৬০০-এর বেশি। এছাড়া শিক্ষার্থীদের মেন্টরিং ও সহযোগিতার জন্য থাকছেন ৬০ জন শিক্ষক।
- ১৫ জুন (প্রথম দিন): অনুষ্ঠিত হবে বিতর্ক বিষয়ক বিশেষ কর্মশালা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক এবং দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্কের মৌলিক কাঠামো ও কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হবে।
- ১৭ থেকে ২১ জুন (মূল পর্ব): এই দিনগুলোতে সদর উপজেলার দুটি ভেন্যু—কমর আলী উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ ভবনে একযোগে প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হবে। মোট ৮টি কক্ষে ৬০টি বিতর্ক ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ২২ জুন (গ্র্যান্ড ফাইনাল): সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবের চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠিত হবে। ফাইনাল পর্বে মডারেটর হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা। এছাড়া জাতীয় পর্যায়ের বিতার্কিকরা বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিতর্কের মূল বিষয়বস্তু:
নারায়ণগঞ্জ একটি শিল্পঘন এলাকা হওয়ায় এবারের বিতর্কের মূল বিষয়বস্তু রাখা হয়েছে ‘জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব’কে কেন্দ্র করে। শিক্ষার্থীদের যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সম্ভাব্য পরিবেশবান্ধব সমাধানের পথ খোঁজাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে ইউএনও এসএম ফয়েজ উদ্দিন বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রেখে সৃজনশীল কাজে সম্পৃক্ত করবে এবং সুস্থ বিনোদনের একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করবে। আমরা আশা করছি এই উৎসবের মধ্য দিয়ে একঝাঁক যুক্তিবাদী ও সচেতন নাগরিক তৈরি হবে।”
এবারের আয়োজনে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অব বাংলাদেশ’। উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার, একাত্তর টিভি, আরটিভি, বাংলাভিশন ও আমার দেশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা রাজস্ব সার্কেলের এসি ল্যান্ড মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের দেবযানী কর এবং সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ স্থানীয় প্রশাসন ও লজিক অব বাংলাদেশের নেতৃবৃন্দ।