নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীব। এক বছরের মেয়াদে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে এক আবেগঘন স্ট্যাটাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান।
ফেসবুক স্ট্যাটাসে মাশুকুল ইসলাম রাজীব লেখেন, “আলহামদুলিল্লাহ। অশেষ শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এই সম্মানিত অবস্থানে পৌঁছানোর তৌফিক দান করেছেন। এই অর্জন আমার একার নয়, এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল।”
নতুন এই দায়িত্ব পাওয়ার পেছনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, “সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়কে, যাঁর দিকনির্দেশনা ও আস্থার কারণে আমি এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।”
নারায়ণগঞ্জবাসীর স্বার্থে ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, “সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে এই পদের মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাকে নারায়ণগঞ্জের আপামর জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন, আমিন।”
নতুন এই নিয়োগের মাধ্যমে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) আনুষ্ঠানিক কার্যক্রম ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল ও সর্বস্তরের জনগণ।