সোনারগাঁওয়ে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কাঁচপুর হাইওয়ে পুলিশের তৎপরতা
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ। অভিযানে মহাসড়ক দখল করে তৈরি করা বিভিন্ন অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া পয়েন্টে দীর্ঘদিন ধরে একশ্রেণীর অবৈধ দখলদার রাস্তার পাশ ঘেঁষে অস্থায়ী দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে আসছিল। এতে করে মহাসড়কে তীব্র যানজটের পাশাপাশি সাধারণ পথচারীদের যাতায়াতে চরম ঝুঁকি তৈরি হতো। জনসাধারণের নিরাপত্তা ও সড়ক সচল রাখতে এদিন দুপুরে এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখসহ হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে দূরপাল্লার ও স্থানীয় যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উচ্ছেদ অভিযান। সড়ক পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও যদি কেউ মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ বা দখলের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে নিয়মিত কঠোর আইনি ব্যবস্থা ও এমন আকস্মিক অভিযান পরিচালনা করা হবে বলেও প্রশাসন হুশিয়ারি দিয়েছে।
এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহাসড়কে যাতায়াতকারী চালক ও স্থানীয় সাধারণ মানুষ। তারা ফুটপাত ও সড়ক চিরতরে দখলমুক্ত রাখতে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।