দেশি-বিদেশি ষড়যন্ত্রেই শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল: বিসিবি পরিচালক মাসুদ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, বরং দেশি-বিদেশি সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, ক্রীড়া সংগঠক ও বিসিবি পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, “জিয়াউর রহমান শুধু কোনো নির্দিষ্ট দলের প্রেসিডেন্ট ছিলেন না, তিনি সাধারণ মানুষের কাছে একজন সর্বদলীয় জনপ্রিয় রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন।”
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান বক্তার বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ শহীদ জিয়ার আন্তর্জাতিক ও অর্থনৈতিক দূরদর্শিতা তুলে ধরে বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলার শিক্ষা দিয়েছেন। তিনি সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি গড়ে তোলার পথ দেখিয়েছিলেন, যার সুবাদে বাংলাদেশ বিশ্ব অর্থনীতির মূল ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়।”
দেশের পোশাক খাতের অগ্রগতিতে শহীদ জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, “আজ দেশের হোসিয়ারি ও গার্মেন্টস শিল্পের যে বৈপ্লবিক বিকাশ, তার পেছনে জিয়াউর রহমানের অর্থনৈতিক নীতির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৫০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছে।”
রেমিট্যান্স খাত নিয়ে আলোচনা করতে গিয়ে মাসুদ বলেন, “জিয়াউর রহমান দেশের রেমিট্যান্স খাতের শক্ত ভিত্তি গড়ে তুলেছিলেন। তিনি প্রায় ১৯ লাখ শ্রমিক বিদেশে পাঠানোর ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ভবিষ্যতে আরও দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স আয় বাড়ানোর ওপর জোর দিতে হবে।”
শহীদ জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসার স্মৃতিচারণ করে এই ক্রীড়া সংগঠক বলেন, “জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর সারা দেশের মানুষ কেঁদেছিল। সেখানে কোনো রাজনৈতিক বা দলীয় বিভাজন ছিল না; সব শ্রেণি-পেশার মানুষ তাদের প্রিয় নেতাকে হারিয়ে শোকাহত হয়েছিল।”
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগরী জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এবং সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।