সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের আসামি জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শরীফ গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শরীফ হোসেন (৩০)। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
বুধবার (১০ জুন) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শরীফ হোসেন সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি নাইতারপাড়া এলাকার ওমর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জালকুড়ি কড়ই এলাকায় অভিযান চালিয়ে শরীফকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারের পর আজ তাকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।