সিদ্ধিরগঞ্জে পার্লার কর্মীর বেশে প্রতারণা: দুই গৃহবধূর ৩ লাখ টাকার স্বর্ণ লুট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিউটি পার্লারের কর্মী পরিচয়ে এক নারীর অভিনব প্রতারণার শিকার হয়েছেন দুই গৃহবধূ। চেতনা নাশক ব্যবহার করে ওই দুই গৃহবধূর শরীর থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ওই প্রতারক নারী।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার ‘সিটি টাওয়ার’ নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে এক অজ্ঞাত নারী নিজেকে বিউটি পার্লারের কর্মী এবং একই ভবনের বাসিন্দা পরিচয় দিয়ে সুমাইয়া খান নামের এক গৃহবধূর বাসায় প্রবেশ করে। কথার জাদুতে পরিবারের সদস্যদের বিশ্বাস অর্জন করার পর ওই নারী সুমাইয়াকে ফেসিয়াল করার প্রস্তাব দেয়। এ সময় পাশের ফ্ল্যাটের আরেক গৃহবধূ সেখানে উপস্থিত হলে তাকেও ফেসিয়ালের অফার দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, ফেসিয়াল করার নামে দুই গৃহবধূকে চেয়ারে বসিয়ে কৌশলে চেতনা নাশক জাতীয় কিছু ব্যবহার করে ওই প্রতারক নারী। এর কিছুক্ষণের মধ্যেই দুই গৃহবধূ অসুস্থ ও ঝিমঝিম অনুভব করতে শুরু করেন। ভুক্তভোগীদের শরীর অবশ হয়ে আসার এই সুযোগে প্রতারক নারী তাদের শরীর থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে দ্রুত চম্পট দেয়।
লুট হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে সুমাইয়া খানের গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কানে থাকা ৪ আনা ওজনের দুটি স্বর্ণের দুল এবং তার প্রতিবেশীর ৫ আনা ওজনের দুটি স্বর্ণের দুল। ভুক্তভোগীদের দাবি, খোয়া যাওয়া এই ২১ আনা স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্য আনুমানিক প্রায় তিন লাখ টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী সুমাইয়া খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন সরকার জানান, “ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ওই ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছি। প্রতারক নারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”