নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনে নাসিকের উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের আশ্বাস
নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রবেশপথ ও নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের সামনে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে নগরীর আল্লামা ইকবাল রোড এলাকায় এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সরকারি মহিলা কলেজের মূল ফটক, শিক্ষার্থীদের অভিভাবকদের বসার স্থান এবং এর আশপাশের সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা এক্সকাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রথমে কলেজের প্রয়োজনীয় রাস্তা ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে। এরপর জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের জন্য পুরো সড়কটি উন্মুক্ত করে দেওয়া হবে।”
উচ্ছেদ হওয়া জায়গার মালিকানা ও মানবিক দিক বিবেচনা করে প্রশাসক আরও জানান, “গেটের পাশে আজ যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, সেটি মূলত সিটি করপোরেশনের নয়, বরং রেলওয়ের সরকারি জমি। সেখানে একটি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। উচ্ছেদ করা হলেও মানবিক কারণে তাদের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নাসিক সূত্র জানিয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে যানজটমুক্ত শহর ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।