নারায়ণগঞ্জে উপজেলা রিসোর্স টিমের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যগণের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি. বুধবার এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রামীণ জনপদে স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম। উপজেলা রিসোর্স টিমের এই রিফ্রেসার্স প্রশিক্ষণ মাঠ পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, নারায়ণগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) জনাব নিলুফা ইয়াসমিন। তিনি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তির হার বাড়াতে এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার রিসোর্স টিমের সদস্যগণ অংশ নেন। উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই রিফ্রেসার্স প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।