রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্যসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রূপগঞ্জ থানার একাধিক টিম ভোরে উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৮৫ বোতল বিদেশি মদ, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা এবং ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯) ও বাবু লাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া (২৪), চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ফরহাদ হোসেন (২২) ও রনি মিয়া (২৬) এবং কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু (৩০)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সিন্ডিকেট চালিয়ে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, "গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে।" মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।