নারায়ণগঞ্জে ডিসির নির্দেশে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে হাজারো মানুষ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশে অবশেষে মেরামতের কাজ শুরু হয়েছে। এতে গত কয়েক মাস ধরে চরম ভোগান্তিতে থাকা হাজারো পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের মনে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা ইউনিয়নের চাষাড়া-টু-সাইনবোর্ড লিংক রোড থেকে বৃহত্তর ইসদাইর প্রবেশ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এলাকাবাসীর অভিযোগ, গত পাঁচ-ছয় মাস ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। ফলে প্রায়ই রিকশা উল্টে যাওয়া, যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়া এবং ড্রেনের স্লাবে ধাক্কা লেগে ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। পাশাপাশি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও নিয়মিত এই পথ ব্যবহার করতে হয়। ফলে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশা থাকলেও সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার কার্যালয়ে যাওয়ার পথে সড়কটির এই জরাজীর্ণ ও বেহাল অবস্থা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নজরে আসে। জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের নির্দেশ দেন। জেলা প্রশাসকের এই নির্দেশের পর আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকেই সড়কটির সংস্কারকাজ শুরু হয়।
সংস্কারকাজের সাথে যুক্ত সংশ্লিষ্টরা জানান, সড়কটি যেন টেকসই ও দীর্ঘস্থায়ী হয়, সেই লক্ষ্যে রড, সিমেন্ট, ইটের সুরকি ও বালু দিয়ে ঢালাইয়ের কাজ করা হচ্ছে। খুব দ্রুতই রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযোগী হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "জনগণের দুর্ভোগ লাঘব করাই প্রশাসনের প্রথম ও প্রধান কাজ। একটি রাস্তার কারণে প্রতিদিন শিক্ষার্থী, রিকশাচালক ও সাধারণ মানুষ কষ্ট পাবে, তা হতে পারে না; সেটির দ্রুত সমাধান করা জরুরি। আমরা জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই কাজ করছি। বিশেষ করে এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী যাতায়াত করে। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই জরুরি ভিত্তিতে দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।"
এদিকে জেলা প্রশাসকের এমন তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে দ্রুত সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। প্রশাসনের এই জনকল্যাণমুখী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তারা জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।