পূর্বাচল প্রকল্প ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব: আজ নিকার সভায় উঠছে, পরিবর্তন আসতে পারে নারায়ণগঞ্জের সীমানায়
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প ‘পূর্বাচল নতুন শহর’-এর নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার একটি বড় প্রস্তাব আজ উত্থাপিত হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর—এই তিন জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি বুধবার (১ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় আলোচনার জন্য রাখা হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে নারায়ণগঞ্জ জেলার বর্তমান প্রশাসনিক সীমানায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে নিকারের ১২১তম সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় দেশের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর মধ্যে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হলো পূর্বাচল নতুন শহর প্রকল্পের সীমানা সংক্রান্ত এই পুনর্গঠন প্রস্তাব। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই প্রস্তাবটি সভার টেবিলে উপস্থাপন করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাব পাস হলে পূর্বাচল উপশহরের প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ একক জেলা অর্থাৎ ঢাকার অধীনে চলে আসবে। তবে এর ফলে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা তাদের ভৌগোলিক সীমানার একটি বড় অংশ হারাতে পারে, যা স্থানীয় প্রশাসন ও জেলা দুটির সামগ্রিক কাঠামোতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।