নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই পরিবারকে ‘খেলার’ আমন্ত্রণ যুবদল নেতার
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রভাবশালী দুই পরিবারকে ‘খেলার’ আমন্ত্রণ জানিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর খানপুর হাসপাতাল রোড এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
সাবেক এমপি শামীম ওসমানকে উদ্দেশ করে যুবদলের এই কেন্দ্রীয় নেতা বলেন, “কথায় কথায় বলতেন, ‘খেলা হবে’। এখন তো বিশ্বকাপ চলছে। আপনি কোন খেলায় অংশ নিতে চান—ফুটবল না ক্রিকেট? সেটা আমাদের জানান।”
রাজনীতির মাঠে দাবা খেলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আপনি যদি দাবা খেলতে চান, তাহলে যাদের গুম করতে চেয়েছিলেন, তাদের সঙ্গে আপনাদের দুই পরিবারকে বসতে বলব। তারা আপনাদের সঙ্গে প্রতিযোগিতা করবে। যুবদলের জাতীয় কোনো নেতার সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্যতা আপনাদের নেই।”
সমাবেশে ইয়াসিন ফেরদৌস মুরাদ নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে যুবদলের ত্যাগের কথা স্মরণ করে বলেন, “নারায়ণগঞ্জের মাটিতে যুবদল বরাবরই নেতৃত্ব দিয়েছে। যুবদলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন, কিন্তু তাদের কখনও এখান থেকে সরানো যায়নি। কয়েক মিনিট বক্তব্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে আর যুবদল আঙুল চুষে বসে থাকবে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুটি পরিবার রয়েছে। তারা অতীতে একে অপরকেই সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।”
ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি বলেন, “১৯৭৫ সালের পর আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল এবং চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করেছিল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং আওয়ামী লীগের প্রধানকে নিরাপত্তাসহ দেশে ফেরার সুযোগ করে দেন। কিন্তু পরবর্তীতে দেশের বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছে, তার জবাব দেশের মানুষ ইতিমধ্যে দিয়েছে।”
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, সাজেদুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সোহেল এবং জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের যৌথ সঞ্চালনায় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।