বন্দরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি
নারায়ণগঞ্জের বন্দরে একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে বের হওয়ার পর মো. নাঈম ইসলাম (১৩) নামে হেফজ বিভাগের এক আবাসিক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত শনিবার (২৭ জুন) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। এ ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ নাঈম ইসলাম দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মদনগঞ্জ টিক্কারমোড় এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করছিল। সে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। তার পিতার নাম আব্দুস সাত্তার।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নাঈম মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এর আগে একবার মাদ্রাসার মুহতামিমের এক আত্মীয় ও তার এক বন্ধুর সঙ্গে বের হয়ে একদিন পর বাসায় ফিরেছিল সে। তবে এবার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাসা কিংবা মাদ্রাসায় ফিরে আসেনি।
নাঈমের পিতা আব্দুস সাত্তার জানান, শনিবার সন্ধ্যায় তারা মাদ্রাসায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, সে সকাল সাড়ে ১১টার দিকেই মাদ্রাসা থেকে বের হয়েছিল। এরপর আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি জমির উদ্দিন বলেন, “নাঈম প্রায় তিন বছর ধরে এ মাদ্রাসায় অধ্যয়ন করছে। বাড়ি কাছাকাছি হওয়ায় মাঝে মাঝে সে গোসলের জন্য বাসায় যেত। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার সকাল ১১টার দিকে সে এক বন্ধুর সঙ্গে মাদ্রাসা থেকে বের হয়। পরে ওই বন্ধু তাকে মদনগঞ্জ বকুলতলার দিকে যেতে দেখেছে। সাধারণত অনেক শিক্ষার্থী মাঝেমধ্যে বাসায় গিয়ে এক-দুই দিন পর ফিরে আসে। তবে পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় খোঁজ নেওয়ার পর আমরা জানতে পারি সে বাসায়ও যায়নি। এরপর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষও তাকে খুঁজে বের করার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”