নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গত শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম তমাল আহমেদ নিপু (৪০)। তিনি শহরের পাইকপাড়া এলাকার শাহসুজা রোডের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সক্রিয় সদস্য।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত নিপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলা ছাড়াও তমাল আহমেদ নিপুরের বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে।