ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের
সামাজিক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রীয় অবস্থান নিয়ে সুনির্দিষ্ট ও সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন। তিনি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আবুল কালামের কন্যা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং বর্ণ-ধর্ম-জাতের ভেদাভেদ ভুলে মানুষ মানুষের পাশে থাকবে—এটাই স্বাভাবিক সামাজিক চর্চা হওয়া উচিত। তবে বর্তমান পরিস্থিতিতে এই সম্প্রীতিপূর্ণ পরিবেশে কেউ নতুন করে কোনো ধরনের উসকানি সৃষ্টি করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ধর্মীয় সহনশীলতার ওপর জোর দিয়ে বাঁধন আরও বলেন, কারো ধর্মীয় মূল্যবোধে আঘাত হানা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ধর্মীয় অবমাননা হোক বা রাষ্ট্রীয় অবমাননা—যেকোনোটির বিরুদ্ধেই রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এই ধরনের সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রের দৃঢ় এবং কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন এই আইনজীবী নেত্রী।