গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্কুল অব সায়েন্স, ইঞ্জিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ডিন এবং স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী নকী। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় দীক্ষিত হয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নাজিমউদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে দেশপ্রেম এবং নৈতিকতার সাথে পথ চলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষভাগে পরীক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য ও বিদায়ী শিক্ষার্থীরা অংশ নেন।