দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার
চাঁদাবাজি ও নানা অনিয়মে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।
আজ (রবিবার) যুবদল কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো। অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে দলের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে এই বহিষ্কার আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।