আড়াইহাজারে এসি ল্যান্ডসহ ৬ জনকে কুপিয়ে জখম, স্বর্ণ ও লাখ টাকা লুট
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের পৃথক হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। একই রাতে পাশের গ্রামে আরেকটি বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এই তাণ্ডব চালানো হয়।
আহতরা হলেন—ধন্দী গ্রামের বাসিন্দা ও এসি ল্যান্ড সাকিব হাছান খাঁন, তার বন্ধু ও স্থানীয় বাসিন্দা মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং ডালিয়া (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ গ্রাম ধন্দীতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি বন্ধুদের সাথে বাড়ির পাশে রাস্তার ধারে বসে কথা বলছিলেন। এ সময় ১০-১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে হঠাৎ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাধা দিতে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ৬ জনকে গুরুতর জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, ধন্দী গ্রামে হামলার ঠিক এক ঘণ্টা পর ওই ডাকাত দলটিই পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমনের বাড়িতে হানা দেয়। সেখানে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে আলমারিতে থাকা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নির্বিঘ্নে চলে যায়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ এবং ডাকাত দলের পরিচয় উদ্ঘাটনে ইতিমধ্যেই পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।