বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনে ৬ ফার্মেসিকে জরিমানা
নারায়ণগঞ্জের বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে ছয়টি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ওষুধ প্রশাসন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় উপজেলা প্রশাসন এই মোবাইল কোর্ট পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনাকালে বেশ কিছু ফার্মেসিতে জীবন রক্ষাকারী ওষুধ সংরক্ষণ, বিক্রয় ও ব্যবস্থাপনায় নানা অনিয়ম এবং অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। এই অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের অভিযোগে ছয়টি ফার্মেসিকে সর্বমোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা মো. কবির হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা সহযোগিতায় বন্দর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযান শেষে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত ঔষধপ্রাপ্তি নিশ্চিত করতেই নিয়মিতভাবে জেলা জুড়ে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে ভেজাল, নকল, মেয়াদোত্তীর্ণ ও সরকারি অননুমোদিত ঔষধ বিক্রির বিরুদ্ধে এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।