সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও এক যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি দশপাইপ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং স্থানীয় যুবদল নেতা মো. মাসুম।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জিলানী ও মাসুম মোটরসাইকেল যোগে ওই এলাকা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি মো. সাজেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকে জব্ধ করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।