নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গার্মেন্টসের অবৈধ অংশ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মিষ্টির দোকান এলাকায় ঐতিহ্যবাহী 'কল্যাণী খাল' দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় খালের ওপর ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ ও অপসারণের কাজ শুরু করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কল্যাণী খালের দুই পাশ ও খালের জমি দখল করে বেশ কয়েকটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান (গার্মেন্টস কারখানা) এবং ব্যক্তিমালিকানাধীন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। মঙ্গলবারের অভিযানে এসব বৃহৎ কারখানার অবৈধ অংশ ও অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ কার্যক্রমের সূচনা করা হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের কঠোর নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে, কল্যাণী খাল সম্পূর্ণভাবে দখলমুক্ত না হওয়া পর্যন্ত এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরে না আসা পর্যন্ত পর্যায়ক্রমে এই উচ্ছেদ কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় পরিবেশবাদী ও সাধারণ মানুষ জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।