কুতুবপুরে বসতবাড়িতে হামলা ও শ্লীলতাহানি: ঘটনাস্থল পরিদর্শনে এসপি, কঠোর হুঁশিয়ারি
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় একটি বসতবাড়িতে হামলা, এক নারীকে শ্লীলতাহানি এবং একই পরিবারের ছয়জনকে কুপিয়ে আহত করার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান মুন্সী। আজ বুধবার (১০ জুন) সকালে পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি ভুক্তভোগী ওই বাড়িটি পরিদর্শন করেন।
এর আগে, এই নৃশংস হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে তারা হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীদের শ্লীলতাহানির তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনের পরদিনই আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার। পরিদর্শন শেষে তিনি অভিযুক্ত 'শাহজাহান ও আলী আরশাদ বাহিনী'র সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, "জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুতুবপুরেও খুব শিগগির সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।"
অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে এসপি বলেন, "গণমাধ্যমের মাধ্যমে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বলতে চাই—এখনও সময় আছে, অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অন্যথায় কঠোর আইনের মুখোমুখি হতে হবে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত অভিযানে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনাস্থল পরিদর্শনকালে এসপির সাথে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম এবং থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।