বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাষাঢ়ায় ছাত্র ফেডারেশনের মানববন্ধন
দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার (৮ জুন) দুপুর ১২টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় এবং জেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন:
- তায়েব হাসান তাজবীর (সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানা শাখা)
- সিয়াম সরকার (সদস্য, সরকারি তোলারাম কলেজ শাখা)
- শেখ সাদী (যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ কলেজ শাখা)
- ইউশা ইসলাম (সহ-সভাপতি, জেলা শাখা)
বক্তাদের বক্তব্য ও ক্ষোভ প্রকাশ
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবন এমনিতেই বিপর্যস্ত। এর মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর অতিরিক্ত ও অসহনীয় চাপ সৃষ্টি করবে। তারা অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও বিভিন্ন অসম চুক্তির দায় এখন সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বক্তারা সরকারের এই সিদ্ধান্তকে "গণবিরোধী" আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
জেলা সহ-সভাপতি ইউশা ইসলাম তার বক্তব্যে বলেন:
"নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই চরম সংকটে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। বিদ্যুৎ খাতের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে জবাবদিহির আওতায় আনতে হবে।"
সভাপতির আহ্বান
সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। একই সঙ্গে শিল্প-কারখানা ও বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে বাজারের পণ্যের দামের ওপর। তিনি সরকারের প্রতি বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহার, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের অধিকার সংরক্ষণের জোর আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ
মানববন্ধনে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন— জেলা সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য জাহিদ, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ শাখার সংগঠক মো. সোহাগসহ সংগঠনের বিভিন্ন শাখা ও অঞ্চলের নেতাকর্মীরা।