ডেঙ্গু নিয়ন্ত্রণে গাফিলতি দেখলেই চাকরিচ্যুতি, ভালো কাজে পুরস্কার: নাসিক প্রশাসক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি বরদাশত করা হবে না। দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হবে, আর যারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন তাদের পুরষ্কৃত করা হবে।
মঙ্গলবার (৯ জুন) সকালে নগর ভবনের সভাকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্ডভিত্তিক ফগার মেশিন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড সচিবদের ওপর বিশেষ নজরদারি
বিশেষ সতর্কবার্তা দিয়ে নাসিক প্রশাসক বলেন, "যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হবে, সেই ওয়ার্ডের সচিবকে সরাসরি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। অন্যদিকে, যেসব ওয়ার্ডে ডেঙ্গু রোগী ও মশার উপদ্রব সবচেয়ে কম থাকবে, সেই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের পুরস্কৃত করা হবে।" ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ওষুধের অপব্যবহার রোধে কঠোর হুঁশিয়ারি
মশা নিধনে ব্যবহৃত ওষুধের গুণগত মান নিয়ে নিশ্চয়তা দিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, “সিটি কর্পোরেশনের সরবরাহ করা মশা নিধনের ওষুধ সম্পূর্ণ উন্নতমানের ও পরীক্ষিত। এসব ওষুধের সঙ্গে অন্য কোনো উপাদান মিশিয়ে কেউ যদি অসাধু উপায়ে ব্যবহার করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।
বর্ষা মৌসুমের বিশেষ কর্মপরিকল্পনা
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর বিস্তার রোধে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রশাসক বলেন, শুধু ফগিং বা মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না; প্রতিটি ওয়ার্ডে নিয়মিত নজরদারি, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত ফগিংয়ের পাশাপাশি তিনি নগরবাসীকেও নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
দুই ধাপে ৩২টি ফগার মেশিন বিতরণ
অনুষ্ঠানে নাসিক সূত্রে জানানো হয়, সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মশক নিধন কার্যক্রম গতিশীল করতে দুই ধাপে মোট ৩২টি ফগার মেশিন সরবরাহ করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে প্রথম ধাপে ১৬টি এবং আজ মঙ্গলবার দ্বিতীয় ধাপে আরও ১৬টি ফগার মেশিন ওয়ার্ড পর্যায়ে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী অন্যান্য ওয়ার্ডেও প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে নাসিক কর্তৃপক্ষ।
সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নাসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।