বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবকের ঢামেকে মৃত্যু, ৪ দিন পর বিদায়
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. জোবায়ের (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন জোবায়ের। পথে বন্দর থানার এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে মেহেদী হাসান মানিক (২৫) সহ আরও দুই অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে জোবায়েরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চার দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্তমানে জোবায়েরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, ঘটনার পর থেকেই পুলিশ জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে মাঠে রয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।