মহানগর
নারায়ণগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে সদর মডেল থানাধীন পশ্চিম শহীদ নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. জামাল হোসেন (২৯)। সে সদর উপজেলার মুসলিম নগর এলাকার মো. জালাল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিনয় বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম শহীদ নগরের বায়তুল ওয়াকিল জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে জামাল হোসেনকে আটক করেন।
এ সময় জামালের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ তাকে জব্দ তালিকার মূলে গ্রেফতার দেখানো হয়েছে।
সদর মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।