পাঁচ মামলায় আইভীর জামিন: আপিল বিভাগের আদেশ ৩ মে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না, সে বিষয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানির পর আদেশের জন্য এই দিন ধার্য করেন।
২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। এরপর তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। প্রথম দফায় উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পেলেও পরবর্তী সময়ে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করেন এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। সেই নিয়মিত বেঞ্চেই বর্তমানে এই শুনানি চলছে।
এদিকে, পৃথক দুটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ২৬ এপ্রিল রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, তাকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশও দেওয়া হয়েছে।