কায়েমপুরে জুমার নামাজ আদায় ও সুপেয় পানির সংকট সমাধানের আশ্বাস এমপি আব্দুল্লাহ আল আমিনের
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ফতুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কায়েমপুর বাইতুল উকবা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন।
আজ শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি সবাইকে ভালো কাজে ঐক্যবদ্ধ থাকার এবং সমাজের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, "দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি ইতিবাচক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।"
বক্তব্যে তিনি কায়েমপুর এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকটের বিষয়টি তুলে ধরে স্থানীয়দের আশ্বস্ত করেন। তিনি জানান, সীমিত পরিসরে ইতোমধ্যে পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে এলাকায় আরও একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নামাজ শেষে সংসদ সদস্য মসজিদে উপস্থিত মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।