বন্দরে ৭ বছরের শিশুকে বলাৎকার: কিশোর আটক, থানায় মামলা
নারায়ণগঞ্জের বন্দরে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৭) বলাৎকারের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু এবং অভিযুক্ত কিশোর একই বাড়ির বাসিন্দা এবং সম্পর্কে তারা আপন চাচাতো ভাই। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং সে অভিযুক্তের মায়ের কাছে নিয়মিত প্রাইভেট পড়ত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার আগে গরু দেখানোর কথা বলে অভিযুক্ত কিশোর শিশুটিকে একটি গোয়ালঘরে নিয়ে প্রথমবার বলাৎকার করে। পরবর্তীতে আরও ৪-৫ দিন একই কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও জানানো হয়, সর্বশেষ গত ২৭ জুন বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে গেলে অভিযুক্তের মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে অভিযুক্ত কিশোর শিশুটিকে আবারও গোয়ালঘরে নিয়ে বলাৎকার করে এবং বিষয়টি কাউকে জানালে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়।
পরবর্তীতে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করলে বিষয়টি তার মায়ের কাছে খুলে বলে। ঘটনা জানার পর পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কিশোরকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সত্যতা ও বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।