নাসিকের পরিচ্ছন্নকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক ও গামবুটসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছে নগর প্রশাসন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পরিচ্ছন্নকর্মীদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে নগর প্রশাসন। পরিচ্ছন্নকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে খুব শিগগিরই তাদের মাঝে সাবান, গামবুট, মাস্ক, হ্যান্ড গ্লাভস, নির্ধারিত কর্মপোশাক ও রেইনকোট বিতরণ করা হবে।
‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ (সবুজ ও পরিচ্ছন্ন নগরী) বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নাসিক সূত্রে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাসিক কার্যালয়ে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্যাকেজিং ও গোছানোর কাজ সম্পন্ন করা হয়।
বিতরণের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হিরণ জানান, সামগ্রী বিতরণের জন্য প্রশাসকের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি। তবে আগামী রোববার বা সোমবারের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান পরিচ্ছন্নকর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী তুলে দিতে পারেন বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিতরণযোগ্য সামগ্রীর তালিকায় রয়েছে সাবান, গামবুট, মাস্ক, হ্যান্ড গ্লাভস, কর্মপোশাক ও রেইনকোট। বিশেষ করে বর্তমান বর্ষা মৌসুমে পরিচ্ছন্নকর্মীরা যাতে সব ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই নগর প্রশাসন দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করছে।