নগরের বাইরে
ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম রকির বিরুদ্ধে এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি এবং অপর এক যুবকের দামী স্মার্টফোন হাতিয়ে নেওয়ার পৃথক দুটি অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভুক্তভোগীরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত রফিকুল ইসলাম রকি ফতুল্লার দাপা ইদ্রাকপুর কবরস্থান রোড এলাকার মো. এনামুল হকের ছেলে। স্থানীয়দের দাবি, রকি একজন চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারী। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ভালো হওয়ার পরামর্শ দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেয় রফিকুল ইসলাম রকি এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় জিডি করেন যার দায়েরকৃত জিডি (নং- ৩৫, তারিখ: ০১/০৭/২০২৬) সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা নাজমুল হাসান বাবুর সাথে দীর্ঘদিনের পরিচিতি ছিল রফিকুল ইসলাম রকির। তবে রকি নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ায় নাজমুল হাসান বাবু তাকে ভালো পথে ফিরে আসার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রকি বিভিন্ন সময় নাজমুল হাসানকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ২৯ জুন বিকেলে দাপা-ইদ্রাকপুর হক রোলিং মিলের সামনে রকির সাথে নাজমুল হাসানের দেখা হলে তিনি আবারও তাকে শোধরানোর পরামর্শ দেন। এ সময় রকি উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন করে লাশ গুম করার হুমকি দেয়। বিষয়টি স্থানীয়দের জানানোর পর রকি আরও বেপরোয়া হয়ে ওঠে এবং ৩০ জুন রাতে তার ব্যক্তিগত মোবাইল নম্বর (০১৮৮৮-৬৭৯২২৮) থেকে কল করে নাজমুল হাসানকে পুনরায় প্রাণনাশের হুমকি দেয়।
এদিকে, ফোনে কথা বলার কথা বলে সুকৌশলে এক যুবকের দামি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই রফিকুল ইসলাম রকির বিরুদ্ধে। এ ঘটনায় দাপা-ইদ্রাকপুর সর্দার বাড়ি এলাকার মো. আবু হানিফের ছেলে মো. জামাল ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৮ জুন বিকেলে জামালের বাসার সামনে রকি এসে একটি জরুরি কল করার কথা বলে জামালের ১৪ হাজার টাকা মূল্যের ‘রেডমি এ ৩’ মডেলের হ্যান্ডসেটটি হাতে নেয় এবং কৌশলে সেটি নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে জামাল বারবার তার ফোন ফেরত চাইলে রকি আজ-কাল বলে সময় ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ ৩০ জুন বিকেলে জামাল রকির বাড়ির সামনে গিয়ে ফোনটি ফেরত চাইলে রকি তাকে হুমকি-ধমকি দেয় এবং ফোনের ভেতরের সিমটি ছুড়ে দিয়ে বলে, এই বিষয়ে যদি কোনো থানা-পুলিশ বা বাড়াবাড়ি করিস, তবে তোকে খুন করে গুম করে ফেলব।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রকি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের সিন্ডিকেট চালিয়ে আসছে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
২০১৬ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা (এফআইআর নং- ১৪, তারিখ: ০৬/০৪/২০১৬) । ২০১৫ সালের ২৫ মে দায়েরকৃত মামলা (এফআইআর নং- ১০৯)।
২০১৪ সালের ১০ অক্টোবর দায়েরকৃত মামলা (এফআইআর নং- ১৮)।
প্রতিটি মামলাতেই রকি এজাহারভুক্ত আসামি। নতুন করে এই দুই ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা এই চিহ্নিত অপরাধীর দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।