তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে 'টিম খোরশেদ', বিতরণ করা হচ্ছে মিনারেল ওয়াটার
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর এই পরীক্ষা চলাকালীন তীব্র তাপদাহের মধ্যে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের স্বস্তি দিতে বিগত বছরগুলোর মতো এবারও বিনামূল্যে বিশুদ্ধ মিনারেল ওয়াটার (খাবার পানি) বিতরণ কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ'।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও সংগঠনের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই সেবা প্রদান করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে 'টিম খোরশেদ'-এর স্বেচ্ছাসেবকরা নগরীর ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ এবং সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে অপেক্ষমাণ শত শত অভিভাবকের হাতে মিনারেল ওয়াটারের বোতল তুলে দেন।
এ বিষয়ে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, "দূর-দূরান্ত ও বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা এসে কেন্দ্রের আশেপাশে এই তাপদাহের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। তাদের একটু স্বস্তি দেওয়া এবং অভ্যর্থনা জানানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র ও আন্তরিক চেষ্টা। প্রথম দিন দুটি কেন্দ্রে শুরু করলেও পর্যায়ক্রমে আমরা নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই সেবা কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।"
আজকের এই সেবা কার্যক্রমে টিম খোরশেদ-এর স্বেচ্ছাসেবক নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো. মুসা কামাল, মো. মিঠু, সুমন ভুইয়া, মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম, নাইম মোল্লা ও ইদ্রিস মিয়াসহ অনেকেই সক্রিয়ভাবে অংশ নেন।