নারায়ণগঞ্জে ২৪ হাজার পরীক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার
নারায়ণগঞ্জে অত্যন্ত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার জেলার মোট ২৬টি কেন্দ্রে ২৪ হাজারেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
জেলা প্রশাসক জানান, জেলার ২৬টি কেন্দ্রে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সরকারি তোলারাম কলেজ কেন্দ্রেই প্রায় ২ হাজার ৬০০ পরীক্ষার্থী রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় এই কেন্দ্রে প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত শিক্ষার্থীদের ব্যক্তিগত বা বিষয়ভিত্তিক কোনো কারণ থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
পরীক্ষা নিয়ন্ত্রণের সার্বিক প্রস্তুতি নিয়ে ডিসি মো. রায়হান কবির বলেন, "এখন পর্যন্ত জেলার সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। কোনোভাবেই যেন প্রশ্নপত্র ফাঁসের সুযোগ না থাকে এবং সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়, সেটাই সরকারের লক্ষ্য। সে লক্ষ্যেই প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।"
তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে একজন করে 'ট্যাগ অফিসার' নিয়োগ করা হয়েছে। প্রশ্নপত্র ট্রেজারি থেকে কেন্দ্রে পৌঁছানো এবং খাম খোলার প্রতিটি ধাপে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রতিনিধি, ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন এবং তাদের যৌথ স্বাক্ষরের মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
পরীক্ষায় এই সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই সুন্দর পরিবেশ ধরে রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি নিয়ে নিজেদের মেধা ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।