কর্মস্থলে নারী আইনজীবীকে হেনস্তার চেষ্টা: সুপ্রিম কোর্টের আইনজীবী বাঁধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে হকার বসানোকে কেন্দ্র করে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পীর সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।
আজ শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিবৃতিতে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন বলেন, "পেশাজীবী নারীরা প্রতিদিন অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় একসাথে কাজ করার সুবাদে সহকর্মীদের মধ্যে একটি পারিবারিক সম্পর্কের মতো সৌহার্দ্যপূর্ণ বন্ধন তৈরি হয়।"
তিনি উল্লেখ করেন, কর্মক্ষেত্রে সহকর্মীদের মধ্যে যেকোনো বিষয়ে মতপার্থক্য বা দ্বিমত থাকতেই পারে। তবে কোনো দ্বন্দ্বকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর মন্তব্য কিংবা অপমানজনক আচরণ করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
একজন আইনজীবী কর্তৃক আরেকজন আইনজীবীকে অকথ্য ভাষায় অপমান বা শারীরিকভাবে হেনস্তার চেষ্টার অভিযোগ তুলে অ্যাডভোকেট বাঁধন বলেন, "এই ধরনের আচরণ কেবল পেশাগত অসদাচরণের শামিল নয়, বরং এটি সম্পূর্ণ নৈতিকতা বিবর্জিত একটি কাজ।"
একজন নারী ও সহকর্মী হিসেবে ভুক্তভোগী নারী আইনজীবীর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, "সহকর্মী আমেনা আক্তার শিল্পীর সাথে ঘটে যাওয়া এই ন্যক্কারজনক আচরণের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"
একই সাথে আইন পেশার ঐতিহ্য ও মর্যাদা রক্ষা করার পাশাপাশি কর্মস্থলে নারী আইনজীবীদের সার্বিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান তিনি।