ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা, রগ কাটা অবস্থায় ঢামেকে ভর্তি
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের ধারালো ছুরির আঘাতে চালকের গলার একটি রগ কেটে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। তিনি জীবিকার তাগিদে ফতুল্লার মাসদাইর গাইবান্ধা বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই ব্যক্তি যাত্রী সেজে আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। রিকশাটি কাশিপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে চালক আমিনুলের গলায় ধারালো ছুরি দিয়ে আকস্মিক আঘাত করে তারা। এতে তাঁর গলার একটি রগ কেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমিনুল বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর হাতেও ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। চালকের আর্তচিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা অটোরিকশা ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান তিনি।